নিজস্ব প্রতিবেদক : ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার/সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার।’ আমাদের এই অহংকারের অর্জন যার তর্জনির ইশারায়, যার বজ্রকণ্ঠ ছিন্নভিন্ন করে দেয় পরাধীনতার শৃঙ্খল, যার আপসহীন সংগ্রামী চেতনা বিশ্বের নির্যাতিত-নিপীড়িত মানুষের গর্জে উঠার প্রাণশক্তি, তিনি বাঙালির হাজার বছরের আরাধ্য পুরুষ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ তার ৪৮ তম শাহাদাতবার্ষিকী। জাতীয় শোক দিবস। এদিনে তাকে ও তার পরিবারের সকল শহীদকে স্মরণ করে শ্রদ্ধায় নত হই আমরা। শ্রদ্ধাভরে স্মরণ করি স্বাধিকার ও স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের আন্দোলনের সকল বীর শহীদের প্রতি, যাদের আত্মদান আমাদেরকে প্রতিটি সংকটে সাহসী করে। অগাধ শ্রদ্ধা সেই মা-বোনদের প্রতি, যারা একাত্তরে সম্ভ্রম হারিয়েছেন।
গণমানুষের কবি দিলওয়ারের অমিত উচ্চারণ আমাদের ইতিহাস পৃথ্বির।’এই ইতিহাস হাজার বছরের। এই হাজার বছরে বাঙালি জাতি শাসিত-শেষিত হয়েছে বিদেশী শাসক-শোষকদের দ্বারা। নির্যাতন-নিপীড়ন-লাঞ্ছনায় আর্তনাদ করেছে ধর্ম-বর্ণ-নির্বিশেষে। আবার কখনও কখনও ফোঁসে উঠেছে। গর্জন করেছে; কিন্তু অর্জনে সফল হতে পারেনি।
এই হাজার বছর অগণিত আত্মদানেরও। সিরাজুদ্দৌলা থেকে বাঘা যতীন-ক্ষুদিরাম। তিতুমীর-শরীয়তুল্লাহ থেকে প্রীতিলতা-মাস্টার দা। একই সঙ্গে একজন মহামানবের জন্যে জাতির একাগ্রচিত্তে আধারণারও। অতঃপর আবির্ভাব সেই আরাধ্য পুরুষের- মধুমতি তীরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। সূর্যোদয়েই আলোকোজ্জ্বল প্রহরের সুস্পষ্ট আভাস। বায়ান্ন, চুয়ান্ন, বাষট্টি, ছেষট্টি আর ঊনসত্তর। মাত্র ৪৯ বছরেই খোকা থেকে শেখ মুজিব-শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু। সত্তরে ঐতিহাসিক গণরায়ে সাড়ে সাতকোটি মানুষের একক নেতৃত্বের আসনে অধিষ্ঠান। তাই দেখে, কবি সুকান্ত ভট্টাচার্যের ভাষায়, ‘অবাক পৃথিবী, অবাক তাকিয়ে রয়।’
আসে একাত্তর। উত্তাল মার্চ। হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভাঙতে অগ্নিগর্ভ বাংলাদেশে তিনিই তখন মুকুটহীন রাজাধিরাজ। তার তর্জনীর কম্পনে কাঁপে পাকিস্তানি শাসকগোষ্ঠীর সিংহাসন। হতবাক বিশ্বরাজনীতি। শুরু হয় নতুন হিসাব-নিকাশ। পশ্চিমাদের কত লোভনীয় আশ্বাস-প্রতিশ্রুতি। কত অনুনয় বিনয়। তবু তাকে গণদাবি-বাঙালির মুক্তিসনদ ছয়দফা থেকে একচুলও নড়ানো গেলোনা। কথা একটাই, প্রধানমন্ত্রীত্ব চাইনা। এদেশের মানুষের অধিকার চাই। প্রয়োজনে জীবন দেবো; কিন্তু জাতির সঙ্গে বেঈমানি করবোনা।
১৯৭১। ঐতিহাসিক রেসকোর্স ময়দান। বাঁধভাঙা জোয়ারে টালমাটাল জনসমুদ্র। অপেক্ষমান স্বাধীনতার লালসূর্য ছিনিয়ে আনার অগ্নিশপথে তেজোদীপ্ত নারী-পুরুষ-শিশু। ‘কখন আসবে কবি’, ‘কখন আসবে কবি।’ কবি নির্মলেন্দু গুণের মতো সকল প্রাণে তখন একই আকুলতা। অতঃপর এলেন তিনি। উত্তাল জনসমুদ্রে এসে হাজির হলেন বিশ্ব রাজনীতির শ্রেষ্ঠতম কবি। ‘গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনাল তার অমর কবিতাখানি, এবারের সংগ্রাম আমাদের মুুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ তৎক্ষণাৎ জয়বাংলা বজ্রনিনাদে আইয়ুব-মোনায়েম, ইয়াহিয়া-ভুট্টো আর গোলাম-নিজামীদের সাধের পাকিস্তানের ভিত্তিমূলে চির ধরে গেলো।
বাঙালির হাজার বছরের ইতিহাসের সর্বোজ্জ্বল অধ্যায় মহান মুক্তিযুদ্ধ। সর্বশ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা। স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা, স্বাধীনতার স্থপতি, স্বাধীনতার মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের মৃত্যুকূপ থেকে ফিরে এলেন স্বাধীন স্বদেশে। বাংলাদেশ তখন ধ্বংসস্তুপ। বিশ্বের বৃহত্তম বধ্যভূমি। এরমধ্যেই তিনি নতুন প্রত্যয়ে যাত্রা শুরু করলেন জাতিকে নিয়ে তার স্বপ্নের সোনারবাংলার লক্ষ্য ধরে। অন্যদিকে ফণা তুললো, একাত্তরে পরাজিত দেশী-বিদেশী শত্রুরা। চরম হিংস্রতার ছোঁবল মারলো। সপরিবারে হত্যা করলো তাকে। স্তব্ধ করে দিলো উন্নয়ন অভিযাত্রা। পাল্টে দিলো রাষ্ট্রের গতিপথ। ফলে পরবর্তী একুশ বছর আর ২০০১ থেকে ২০০৮ পর্যন্ত সময়ে রাষ্ট্রীয় সীমারেখা ছাড়া বাঙালির বাংলাদেশের পরিচয়ই থাকলোনা।
একুশে পদকপ্রাপ্ত লোকসংগীত শিল্পী সুষমা দাসের ভাষায়, ‘পঁচাত্তরের কালরাতে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করলেও শিকড় উপড়াতে পারেনি ঘাতক চক্র।’ আসলে বাঙালির অন্তরাত্মায় গেঁথে থাকা এ শিকড় উপড়ে ফেলার সাধ্য কারও নেই। তাইতো বাংলাদেশ ফিরে এলো বাঙালির হাতে। পিতার স্বপ্ন পূরণে কাণ্ডারি হলেন বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা। বাংলাদেশ আবার কাঙ্ক্ষিত পথ খুঁজে পেলো।
পনেরোই আগস্ট যেমনি শোকের তেমনি শক্তির। একদিকে সপরিবারে জাতির পিতাকে হারানোর শোকগাথা অন্যদিকে তার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে এক মুজিবের রক্ত থেকে জন্ম নেওয়া লক্ষ মুজিবের অগ্নিশপথের আর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তকালে উচ্চারিত ‘মাগো তোমায় কথা দিলাম, মুজিব হত্যার বদলা নেবো’ বজ্রনিনাদ বাস্তবায়নের।
সারাদেশে শোকাবহ পরিবেশে দিনটি পালনের সঙ্গে সঙ্গে জাতি বঙ্গবন্ধুকন্যা, প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠার দৃপ্তশপথ গ্রহণ করবে।