বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, বাংলাদেশের নির্বাচন পরবর্তী সরকারকে সবাই অভিনন্দন জানিয়েছে। বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে শুভেচ্ছা জানিয়েছেন।
রবিবার, ২৮ জানুয়ারি (১৪ মাঘ) সুনামগঞ্জের দিরাই উপজেলার পুরাতন নগদিপুর বাজার মাঠে এক সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সালমান এফ রহমান বলেন, নির্বাচনের আগে নির্বাচন হবে না, তফসিল ঘোষণার পর সরকার থাকবে না ইত্যাদি প্রচারণা মিথ্যা ও ভুয়া প্রমাণিত হয়েছে।
দেশের অর্থনীতি প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন আমাদের সামনে চ্যালেঞ্জ হলো, কোভিড এবং ইউক্রেন-রাশিয়া ও ইসরাইল-হামাস যুদ্ধের প্রভাব ভালভাবে মোকাবিলা করা। এ জন্য আমাদেরকে কিছু সংস্কার করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা অর্থনীতিকে সামনে এগিয়ে নিয়ে যাবো।’