নিজস্ব প্রতিবেদক : আজ অমর একুশে। বাঙালির আত্মোপলব্ধির দিন-আত্মপরিচয় জানার দিন। ১৯৫২ সালের এ দিনে মায়ের ভাষায় কথা বলার অধিকার রক্ষা করতে গিয়ে জাতির সূর্যসন্তান রফিক-শফিক-সালাম-জব্বার-বরকতেরা বিশ্বের ইতিহাসে অতুলনীয় অধ্যায় সংযোজনের সঙ্গে সঙ্গে জাতিসত্ত্বার স্ফূরণও ঘটিয়েছিলেন।
মহান ভাষা আন্দোলনেই সূচনা হয় বাঙালির নিজস্ব স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম। পরাধীনতার শৃঙ্খল ভাঙার লড়াই। সামনে জাতির হাজার বছরের আরাধ্যপুরুষ-মুক্তির দূত। তার নেতৃত্বেই চুয়ান্ন, বাষষ্টি, ছেষষ্টি, ঊনত্তর ও সত্তর পেরিয়ে একাত্তরে পৌঁছা। লাল-সবুজের পতাকা অর্জন। আত্মপরিচয় নিয়ে মাথা উঁচু করে দাঁড়ানো। তবে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছার পথচলা এখনও শেষ হয়নি। তাই বারবার একুশের শরণাপন্ন হতে হয়।
বর্ষ পরিক্রমায় একুশে আসে। নতুন করে উজ্জীবিত করে প্রতিটি বাঙারি প্রাণকে। জানান দেয়, বাঙালির চিরশত্রুরাও বসে নেই। একের পর এক চক্রান্তের জাল বুনেই চলেছে।
জাতি জানে, ‘একুশ মানে মাথা নত না করা’। মাথা উঁচু করেই সকল চক্রান্ত-ষড়যন্ত্রের জাল ছিন্নভিন্ন করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা গড়ে তুলতে হবে।
নতুন শপথে-নতুন অঙ্গীকারে এবারেও জাতি একুশে ফেব্রুয়ারি মহান শহীদদিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে। এ উপলক্ষে সিলেট সহ সারাদেশে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিশ্বের অন্যান্য দেশেও দিনটি পালিত হবে।