অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে বিদেশী রাষ্ট্রদূতদের প্রতি আহ্বান পররাষ্ট্র মন্ত্রীর

প্রকাশিত July 21, 2023
অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে বিদেশী রাষ্ট্রদূতদের প্রতি আহ্বান পররাষ্ট্র মন্ত্রীর

সাংস্কৃতিক প্রতিবেদক : পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে বিদেশী রাষ্ট্রদূতদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি আরও বলেছেন, রাষ্ট্রদূত পরিচয়ের এসব ‘এক্টিভিস্ট’ ও মানবাধিকার সংগঠনের এই ভূমিকা জেনেভা কনভেনশনের ধারেকাছে নেই।
পররাষ্ট্র মন্ত্রী বলেন, গণমাধ্যম পাত্তা দেয় বলেই এসব রাষ্ট্রদূত সাহস পায়। মজা করে। নিজেদেরকে এ দেশের সম্রাট ভাবে। তাই সাংবাদিকদেরকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি শুক্রবার, ২১ জুলাই দুপুরে জেলা শিল্পকলা একাডেমি সিলেটের সম্মাননা ২০২২ প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছিলেন।
ড এ কে আব্দুল মোমেন বলেন, আমেরিকায় পরশুদিনও এক বাঙালি যুবককে পুলিশ পাঁচটি গুলি করে হত্যা করেছে; কিন্তু সেই পুলিশ এখনও চাকরিতে বহাল। এ ঘটনার সুষ্ঠু তদন্তও হচ্ছেনা।
তিনি উল্লেখ করেন, আমেরিকার পুলিশ প্রকাশ্যে গলাটিপে মানুষ হত্যা করে। ব্রিটিশ পুলিশের নির্যাতন ভয়ংকর। ভারতের পশ্চিমবঙ্গে কয়েকদিন আগেও সহিংসতায় প্রায় ৪০ জন মারা গেছে; কিন্তু কোন দেশ বা মানবাধিকার সংগঠন টু শব্দ করেনি।
পররাষ্ট্র মন্ত্রী জোর দিয়ে উচ্চারণ করেন, বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত। তাই কোন অঘটন ঘটলেই তদন্ত হয়-অপরাধী সাজা পায়।
এ সময় সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান, আওয়ামী লীগের জেলা সভাপতি শফিকুর রহমান চৌধুরী এবং সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খানও উপস্থিত ছিলেন।