অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্যে অনির্দিষ্ট সময় নয় : সিলেটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রকাশিত August 25, 2024
অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্যে অনির্দিষ্ট সময় নয় : সিলেটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেক জঞ্জাল জমে আছে। এই জঞ্জাল দূর করতে হবে। তাই বিএনপি সংস্কার এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্যে অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চায়; কিন্তু অনির্দিষ্ট সময় নয়।
রবিবার, ২৫ আগস্ট (১০ ভাদ্র) বিকেলে সিলেটে সংক্ষিপ্ত সফরকালে মহানগরীর বিমানবন্দর সড়কে একটি পাঁচ তারকা হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিব এ সময় দলীয় নেতাকর্মীদের গুম হওয়ার বিষয় নিয়েও কথা বলেন।
এ প্রসঙ্গে তিনি বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা সভাপতি ও সিলেট-২ আসনের সংসদ সদস্য এম ইলিয়াস আলী সম্পর্কে সরকারের কাছে সুস্পষ্ট বক্তব্য দাবি করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে সিলেট পৌঁছেন। সঙ্গে ছিলেন তার সহধর্মিণী রাহাত আরা বেগম। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান, বিএনপি চেয়ার পারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, জেলা সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী, মহানগর ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী, জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর সাধারণ সম্পাদক এমদাদ আহমদ চৌধুরী সহ অন্যান্য নেতা।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেটে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ও শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করেন।