অবসরপ্রাপ্ত বিচারপতি মানিক কানাইঘাট উপজেলায় সীমান্তবর্তী এলাকা থেকে আটক

প্রকাশিত August 24, 2024
অবসরপ্রাপ্ত বিচারপতি মানিক কানাইঘাট উপজেলায় সীমান্তবর্তী এলাকা থেকে আটক

কানাইঘাট প্রতিনিধি : দেশে বিদেশে বহুল আলোচিত-সমালোচিত অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক সিলেটের কানাইঘাট উপজেলায় সীমান্তবর্তী এলাকা থেকে আটক হয়েছেন।
শুক্রবার, ২৩ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ডোনা সীমান্ত এলাকা থেকে এলাকাবাসী তাকে আটক করে বিজিবির কাছে সোপর্দ করেন।
পরে বিজিবি বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে কানাইঘাট থানায় হস্তান্তর করে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, তিনি মানবপাচারকারী একটি চক্রের মাধ্যমে ভারতে পালাতে চেয়েছিলেন; কিন্তু সেই চক্র তার নিকট থেকে চুক্তির টাকার বাইরে প্রায় ৭০ লাখ টাকা কেড়ে নিয়ে তাকে জঙ্গলে ফেলে চম্পট দেয়।
পরবর্তী সময়ে এলাকার কিছু লোকের নজরে পড়ে যান কথায় কথায় বিভিন্নজনকে হুমকি-ধামকিদাতা এই অবসরপ্রাপ্ত বিচারপতি। সঙ্গে সঙ্গে খবর পৌঁছে যায় আশেপাশের গ্রামে। ছুটে আসেন শত শত মানুষ। অন্যদিকে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক সময়কার প্রচণ্ড প্রতাপশালী শামসুদ্দিন চৌধুরী মানিককে জনরোষ থেকে রক্ষা করেন।
অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে রাতেই সিলেট নিয়ে আসা হয়। রাখা হয় পুলিশ হেফাজতে। আজ কোনো এক সময় আদালতে তোলা হবে।
তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।