নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরবাসীকে স্মার্ট নগরী উপহার দেওয়ার প্রতিশ্রুতি পূরণে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এবার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে অপরাধী শনাক্ত করতে সিসি ক্যামেরা উদ্বোধন করলেন।
এর মধ্য দিয়ে কোতয়ালি মডেল থানা এলাকায় দীর্ঘদিন ধরে অচল থাকা সিসি ক্যামেরাগুলো সিলেট মহানগরীর সার্বক্ষণিক ও সার্বিক নিরাপত্তা বিধানে অঙ্গীকারবদ্ধ সিলেট মহানগর পুলিশ-এসএমপির উদ্যোগে চালু হলো।
বৃহস্পতিবার, ২৮ মার্চ (১৪ চৈত্র) নতুন করে সচল করা ১১০টি সিসি ক্যামেরা উদ্বোধন করা হয়। এ গুলোর মাধ্যমে মহানগরীর অপরাধ দমন, অপরাধী শনাক্তকরণ ও ট্রাফিক নিয়ন্ত্রণ সহজ হবে বলে আশা করা হচ্ছে।
সিলেট মহানগর পুলিশ কমিশনার মো জাকির হোসেন খান, পিপিএম-এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিসিক মেয়র মো আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়তে সিলেট মহানগরীকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসেন।
তিনি বলেন, বাংলাদেশ পুলিশ আগের চেয়ে এখন অনেক আধুনিক। সরকারের একান্ত প্রচেষ্টায় পুলিশ বাহিনীকে একটি শক্তিশালী বাহিনীতে রূপান্তর করা হয়েছে।
মেয়র আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী তথ্য প্রযুক্তির দিক দিয়ে খুবই স্মার্ট হয়েছে। অনেক স্পর্শকাতর বিষয়ও খুব সহজে সমাধান করা যায়। নতুন করে সচল নজরদারী প্রকল্প মহানগরীকে স্মার্ট নগরীতে উন্নীত করার একধাপ অগ্রগতি। এখন সেবা প্রদান অধিক সহজ হবে।
উল্লেখ্য, ২০২১ সালে সিসিককে ১১০টি ক্যামেরা প্রদান করে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। এগুলো ২ বছর ধরে অচল থাকায় পুলিশের নজরদারী ব্যাহত হচ্ছিল। আনোয়ারুজ্জামান চৌধুরী মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর সিলেট মহানগর পুলিশের অনুরোধে সিলেট সিটি কর্পোরেশনের অর্থায়নে ২০টি ক্যামেরা প্রতিস্থাপন ও ৯০টি ক্যামেরা মেরামত করিয়ে সচল করা হলো। সূত্র সংবাদ বিজ্ঞপ্তি