শহীদ জননী জাহানার ইমামের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, যুক্তরাজ্য শাখার উদ্যোগে ‘শহীদ জননী : একাত্তরের ঘাতক দালালদের বিচার ও ব্রিটিশ আদালতের সাম্প্রতিক রায়’ শীর্ষক এক ভার্চুয়াল স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৬ জুন রাতে অনুষ্ঠিত এই স্মরণসভায় সভাপতিত্ব করেন সংগঠনের যুক্তরাজ্য শাখার সভাপতি বিশিষ্ট সাংবাদিক সৈয়দ আনাস পাশা। সাধারণ সম্পাদক মুনিরা পারভিনের পরিচালনায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুদ্ধাপরাধ বিশেষজ্ঞ, ইন্টারন্যাশনাল ক্রাইম স্টেট্রেজি ফোরামের ফাউন্ডার রায়হান রশীদ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন. ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখার উপদেষ্টা মাহমুদ এ রউফ ও বীর মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান, সাবেক সভাপতি সৈয়দ এনামুল ইসলাম, সহসভাপতি নিলুফা ইয়াসমিন, আওয়ামী লীগ নেতা হরমুজ আলী ও বিশিষ্ট সাংবাদিক মতিয়ার চৌধুরী, ওয়েলস শাখার সভাপতি মোহাম্মদ মকিস মনসুর, কবি ও সাংস্কৃতিক সংগঠক টি এম কায়সার, আমরা ৭১ সংগঠক সত্যব্রত দাশ স্বপন, উদ্যোক্তা সংগঠনের যুক্তরাজ্য শাখার সহসাধারণ সম্পাদক সাংবাদিক জুয়েল রাজ, সাংগঠনিক সম্পাদক সুশান্ত দাশ প্রশান্ত, সদস্য বার্কিং এন্ড ডেগেনহামের মেয়র কাউন্সিলার মঈন কাদরী ও এক্টিভিস্ট এম এম জি রব্বানী।
বক্তারা শহীদ জননীকে মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক আখ্যায়িত করে বলেন, বাঙালির সর্বকালের সর্বশ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন দেশটিকে যখন পরাজিত শত্রুরা খামচে ধরতে উদ্ধত হয়েছিলো ঠিক তখন এই চক্রকে মোকাবিলায় জাতির ত্রাতা হিসেবে বজ্রকঠোর হুঙ্কার দিয়ে শহীদ জননী রাজপথে নেমেছিলেন ।
তারা বলেন, পাকিস্তানি শাসকদের শোষণ নিপীড়ন থেকে বাঙালি জাতিকে মুক্ত করতে বঙ্গবন্ধু আবির্ভূত হয়েছিলেন ত্রাতা হিসেবে। আর পাকিস্তানিদের রেখে যাওয়া মুক্তিযুদ্ধ বিরোধী ঘাতক-দালালদের হিংস্র থাবা থেকে মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় ত্রাতার ভূমিকা পালন করেছেন শহীদ জননী জাহানারা ইমাম।
বক্তারা বাংলাদেশের আদালতে দণ্ডিত যুদ্ধাপরাধী বিষয়ে যুক্তরাজ্যের শীর্ষ আদালতের সাম্প্রতিক রায় সম্পর্কে বলেন, শহীদ জননী গণআদালত গঠন করে যুদ্ধাপরাধীদের প্রতীকী বিচারের যে সূচনা করেছিলেন, সেই বিচারই আন্তর্জাতিক সব আইনকানুন মেনে বাংলাদেশের যুদ্ধাপরাধ আদালত সম্পন্ন করছে। একটি স্বাধীন দেশের আদালতের বিচার কার্যক্রম সম্পর্কে অন্য কোন দেশ বা আদালত কি মন্তব্য করলো সেটা দেখার সময় নেই বাঙালি জাতির। একাত্তরে ভিকটিম হয়েছে যে দেশের মানুষ, সেই দেশ তার নিজস্ব আইনে, নিজ আদালতে ভিকটিমদের ন্যায় বিচারপ্রাপ্তি নিশ্চিত করেছে। তাই সভ্যতার দাবিদার বিশ্বের শক্তিধর দেশগুলোর এ বিষয়টি অনুধাবন করা উচিত।
তারা বলেন, ভিকটিমদের পরিবর্তে অপরাধীদের মানবাধিকার নিয়ে যারা কথা বলে তারা আর যাই হোক সভ্যতার ঠিকাদার হিসেবে নিজেদের দাবি করতে পারে না। সংবাদ বিজ্ঞপ্তি