পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন বলেছেন, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে। আর স্মার্ট কৃষিবিদ গড়ার মাধ্যমেই স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে। কারণ কৃষিবিদরা সর্বক্ষেত্রে মেধার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছেন।
বৃহস্পতিবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়-সিকৃবির ২০২১-২০২২ শিক্ষাবর্ষের লেভেল-১, সেমিস্টার-১ এর নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন সিকৃবির উপাচার্য অধ্যাপক ডা মো জামাল উদ্দিন ভূঞা। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী ও রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড আহমদ আল কবির।
সিকৃবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড মো মোস্তফা সামছুজ্জামানের সভাপতিত্বে এবং সহযোগী অধ্যাপক ড শামীমা নাসরীন ও সহকারী অধ্যাপক ড পার্থ প্রতীম বর্মণের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডিন কাউন্সিলের আহবায়ক অধ্যাপক ড মোহাম্মদ মেহেদী হাসান খান, রেজিস্ট্রার মো বদরুল ইসলাম, প্রভোস্ট কাউন্সিলের আহবায়ক অধ্যাপক ড শরিফুন্নেছা মুনমুন ও প্রক্টর অধ্যাপক ড মো মনিরুল ইসলাম। ছাত্র প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক মো এমদাদুল হক। নবাগত শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন ইসাবা মেহেজাবিন ও মনোয়ার মাহাতাব।
প্রধান অতিথি ড এ কে আব্দুল মোমেন বলেন, কৃষিক্ষেত্রে দেশে বৈপ্লবিক অগ্রগতি সাধিত হয়েছে। এর কৃতিত্ব কৃষিবিদদের। বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নের রোল মডেল। ২০৩০ সালে বাংলাদেশ দারিদ্রমুক্ত দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে ও কৃষিবিদদের কল্যাণে দেশে খাদ্যশস্য উৎপাদিত হওয়ায় প্রায় ৩ বিলিয়ন ডলারের খাদ্য আমদানি করতে হয় না। ফলশ্রুতিতে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রী বলেন, সরকারি-বেসরকারি সহযোগিতায় সিলেট অঞ্চলের অনাবাদি জমি চাষের আওতায় নিয়ে আসতে হবে।
তিনি ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার মাধ্যমে আন্তর্জাতিক মানের কৃষিবিদ তৈরি করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে সিকৃবি উপাচার্য অধ্যাপক ডা মো জামাল উদ্দিন ভূঞা বিশ্ববিদ্যালয়ের নির্মিতব্য আধুনিক মিলনায়তনটির নাম প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের নামে করা হবে বলে ঘোষণা দেন।
উপাচার্য নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে স্বাগত জানিয়ে বলেন, এই ক্যাম্পাসে মাদক, র্যাগিং ও সকল প্রকারের যৌন নিপীড়ন নিষিদ্ধ। এসব বিষয়ে অভিযোগ পাওয়া মাত্রই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সূত্র সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি