নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ সিলেট বিভাগের বিভিন্ন জেলায় বিশেষ চেক পোস্টের মাধ্যমে অনিয়মের অভিযোগে ২৫৫টি মোটরযানের বিরুদ্ধে মামলা দায়ের ও ৩০টি গাড়িকে থানায় হস্তান্তর করেছে।।
বৃহস্পতিবার ও শুক্রবার সকাল ৯টা সন্ধ্যা ৬টা পর্যন্ত র্যাব ৯ সদর কোম্পানী, সিপিসি-১ সিলেট ক্যাম্প, সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্প ও সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের পৃথক পৃথক আভিযানিক দল, মেজর শওকাতুল মোনায়েম, সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরী, সিনিয়র এএসপি পিযুষ চন্দ্র দাস, অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার ও লে কমান্ডার ফয়সল আহমদের নেতৃত্বে সিলেটের দক্ষিণ সুরমা, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও সুনামগঞ্জের সদর থানা এলাকায় চেক পোস্ট পরিচালনা করে।
এ সময় কাগজপত্র সঠিক না থাকায় তিন জায়গায় ২৫৫টি মোটর যানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এছাড়া ৫টি গাড়িকে দক্ষিণ সুরমা থানায় ও ২৫টি গাড়িকে সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর কর হয়েছে।