হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের ১৬ কোটি ৩৪ লাখ টাকার বাজেট ঘোষণা

প্রকাশিত July 28, 2025
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের ১৬ কোটি ৩৪ লাখ টাকার বাজেট ঘোষণা

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই/১৩ শ্রাবণ) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে নতুন অর্থবছরের বাজেট ঘোষণার মাধ্যমে হকৃবির ব্যয় নির্বাহ ও পরিচালনায় স্বচ্ছতার অঙ্গীকার পুনঃব্যক্ত করা হয়।
বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সিন্ডিকেট সভায় অনুমোদিত এই বাজেট ১৬ কোটি ৩৪ লাখ টাকার। এর মধ্যে ১৬ কোটি ৪ লাখ টাকা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-ইউজিসির মাধ্যমে বাংলাদেশ সরকার প্রদান করবে। বাকি ৩০ লাখ টাকা হকৃবির নিজস্ব রাজস্ব আয়ে সংস্থান করা হবে।
বাজেটে মোট আবর্তক ব্যয় নির্ধারণ করা হয়েছে ১১ কোটি ২৯ লাখ টাকা। এর মধ্যে ব্যয় বরাদ্দ রাখা হয়েছে বেতন খাতে ৩ কোটি ৪৭ লাখ টাকা, ভাতা খাতে ২ কোটি ৪৭ লাখ টাকা, পণ্য ও সেবা বাবদ সহায়তা খাতে ৪ কোটি ৯১ লাখ টাকা, গবেষণা অনুদান খাতে ২১ লাখ টাকা, প্রাথমিক স্বাস্থ্যসেবা বাবদ সহায়তা ১ লাখ ৫০ হাজার টাকা ও অন্যান্য অনুদান ২১ লাখ ৫০ হাজার টাকা।
এছাড়া, মোট মূলধন ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৫ লাখ টাকা। এর মধ্যে আছে যন্ত্রপতি ২ কোটি ৯৩ লাখ টাকা, যানবাহন ৯২ লাখ টাকা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনুদান ৭০ লাখ টাকা, অন্যান্য মূলধন অনুদান ৫০ লাখ টাকা, ছাত্রকল্যাণে মোট বাজেট ৫৭ লাখ ৯২ হাজার টাকা, যার মধ্যে মেধা ও বৃত্তি বাবদ ২০ লাখ ৫০ হাজার টাকা, ছাত্রী হল বাবদ ১৯ লাখ ৯২ হাজার টাকা, ফিল্ড ওয়ার্ক ও শিক্ষা সফর বাবদ ৮ লাখ টাকা, খেলাধূলার আয়োজন বাবদ ৫ লাখ টাকা, বিএনসিসি ও রোভার স্কাউট ৫০ হাজার টাকা ও ক্রীড়া সামগ্রী ক্রয় ৪ লাখ টাকা।
২০২৪-২০২৫ অর্থবছরের সংশোধিত বাজেট ছিল ১৫ কোটি টাকা। ২০২৫-২০২৬ অর্থবছরে বাজেট বৃদ্ধি পেয়েছে ১ কোটি ৩৪ লাখ টাকা-বৃদ্ধির হার ৮.৯৩ শতাংশ।
এ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ জানান, “আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে দ্বিতীয়বারের মতো ২০২৫-২৬ অর্থবছরের জন্য বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত বাজেট উপস্থাপন করা হয়েছে। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের আর্থিক, প্রশাসনিক ও একাডেমিক সকল কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করার প্রয়াস হিসেবে গত অর্থবছর থেকে আমরা বাজেট ঘোষণা শুরু করি। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ জনগণ বিশ্ববিদ্যালয়ের অর্থব্যয় সম্পর্কিত বিষয়াদি সম্পর্কে অবগত হতে পারছেন। গত অর্থবছর থেকে সকল ক্রয় প্রক্রিয়া ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (e-GP) পদ্ধতি অনুসরণ করে সম্পন্ন হচ্ছে”।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ডেপুটি রেজিস্ট্রার মো বদরুল আমিন এবং অর্থ ও হিসাব বিভাগের হিসাবরক্ষণ কর্মকর্তা মোবারক খান।–সংবাদ বিজ্ঞপ্তি