সিলেট–২ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে : কাইয়ুম

প্রকাশিত January 31, 2026
সিলেট–২ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে : কাইয়ুম

সিলেট জেলা বিএনপির সভাপতি ও জেলার সকল সংসদীয় আসনের সমন্বয়ক আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেট–২ আসনে বিএনপির বিজয় নিশ্চিত করতে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানিয়েছেন।
শনিবার (৩১ জানুয়ারি/১৭ মাঘ) দুপুরে মহানগরীর লামাবাজারে লাভিস্তা হোটেল মিলনায়তনে ওসমানীনগর উপজেলা এবং বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সিলেট–২ আসনের সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।
কাইয়ুম চৌধুরী বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে গণতন্ত্রের জন্য মানুষ প্রাণ দিয়েছে, গুমের শিকার হয়েছে, নির্যাতিত হয়েছে—কিন্তু মাথা নত করেনি। তারেক রহমানের নেতৃত্বে আজ নতুন বাংলাদেশের পথে দেশবাসীর যাত্রা শুরু হয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে বিএনপিকে দায়িত্বশীল, ঐক্যবদ্ধ ও সংগঠিত ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, বিএনপি জনগণের দল। এ দলের মূল শক্তি তৃণমূলের নেতাকর্মীরা। সিলেট–২ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে ঘরে ঘরে পৌঁছে মানুষের কাছে দলের বার্তা তুলে ধরতে হবে।
তিনি দলীয় শৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ণ, গণমুখী ও সুশৃঙ্খল নির্বাচনী কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব আরোপ করেন।
সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট–২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী তাহসিনা রুশদীর লুনা। আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা ময়নুল হক চৌধুরী, সহসভাপতি ফখরুল ইসলাম ফারুক, যুগ্মসম্পাদক অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদাল মিয়া, ইমরান রব্বানী, ব্যারিস্টার আবরার ইলিয়াস, সুহেল আহমদ চৌধুরী, ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখর উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী ও সাধারণ সম্পাদক লিলু মিয়া, বিশ্বনাথের প্রবীণ নেতা জালাল উদ্দিন, গয়াস মিয়া, ধলা মিয়া, রুহেল মিয়া, বিশ্বনাথ পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম প্রমুখ।
সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় কৌশল, সাংগঠনিক প্রস্তুতি ও মাঠপর্যায়ের কার্যক্রম আরো জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি