অমৃত জ্যোতি, মধ্যনগর : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা পরিষদ কমপ্লেক্স, স্বাস্থ্য কমপ্লেক্স ও ফায়ার সার্ভিসসহ সরকারি সকল দপ্তরের স্থায়ী ভবন নির্মাণ, সহকারী কমিশনার (ভূমি) ও অন্যান্য শূন্য পদে পদায়ন এবং নদী খননের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর/৩০ কার্তিক) সকাল সাড়ে ১০টায় সেতু চত্বরে মধ্যনগর এলাকাবাসী আয়োজিত এ কর্মসূচিতে সকল শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন কর্মসূচির উদ্যোক্তা কবি অসীম সরকার, প্রভাষক নির্মল কান্তি সরকার ও প্রধান শিক্ষক আরিফুর রহমান খান।
বক্তরা বলেন, ভাটির জনপদ মধ্যনগর উপজেলা ২০২১ সালের ২৬ জুলাই যাত্রা শুরু করে; কিন্তু এখন পর্যন্ত নিজস্ব অবকাঠামো গড়ে না উঠায় উপজেলার সকল কার্যক্রম অস্থায়ী কার্যালয়ে চলছে। দুই শতাধিক জনবলের বিপরীতে আছেন গুটি কয়েক কর্মকর্তা সহ মাত্র ২২ জন কর্মচারী। ফলে উপজেলার দু’লক্ষাধিক মানুষ সরকারি পূর্ণ সেবা পাচ্ছেন না। একাধিক দপ্তরে অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মকর্তারা মূলত ধর্মপাশা উপজেলা সদরে থাকেন।
তারা এ ব্যাপারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা বিধান রঞ্জন রায়ের দৃষ্টি কামনা করেন।