দোয়ারাবাজারে সুরমা নদীর তীর সংরক্ষণে ব্লক তৈরির কাজ শুরু

প্রকাশিত January 6, 2021
দোয়ারাবাজারে সুরমা নদীর তীর সংরক্ষণে ব্লক তৈরির কাজ শুরু

সুনামগঞ্জ প্রতিনিধি : সুরমা নদীর ভাঙ্গন থেকে দোয়ারাবাজার উপজেলা কমপ্লেক্স, সদর ইউনিয়নের মংলারগাঁও, মাঝেরগাঁও, মাছিমপুর, মুরাদপুর পশ্চিম ও মাছিমপুর এবং ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের লক্ষীবাউর গ্রাম রক্ষায় পাকা ব্লক তৈরি কাজ শুরু হয়েছে।
বুধবার সকালে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের এই প্রকল্প উদ্বোধন করেন, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক।
সাড়ে ৩ কিলোমিটার এলাকা সুরমার ভাঙ্গন থেকে রক্ষায় গৃহীত এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১৯১ কোটি ৬৭ লাখ টাকা। ব্লক স্থাপন ছাড়াও পানির প্রবাহ সঠিক পথে পরিচালনার জন্য ১৮ কিলোমিটার নদী খনন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এস এম শহীদুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খুশিমোহন সরকার ও নির্বাহী প্রকৌশলী সবিবুর রহমান।
এই প্রকল্প উদ্বোধন শেষে সংসদ সদস্য মহিবুর রহমান মানিক পানি উন্নয়ন বোর্ড আয়োজিত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
তিনি জানান, এই প্রকল্পের কাজ শেষ হলে ছাতক ও দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন স্থাপনা সুরমা নদীর ভাঙ্গনের কবল থেকে রক্ষা পাবে।