দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে সরকারি-বেসরকারি উদ্যোগে আনন্দ শোভাযাত্রা সহ নানা কর্মসূচিতে গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট/২১ শ্রাবণ) উপজেলা প্রশাসন বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।
বিএনপি ও অঙ্গসংগঠন আনন্দ শোভাযাত্রা বের করে।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা তাতে যোগ দেন।
দুপুর ১২টায় বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, সাবেক এমপি নাছির উদ্দীন চৌধুরীর নেতৃত্বে একটি শোভাযাত্রা পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পথসভায় মিলিত হয়। এতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক মঈনুদ্দিন চৌধুরী মাসুক, পৌর বিএনপির যুগ্মআহ্বায়ক আমিরুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজিব রশীদ চৌধুরী, ছাত্রদলের যুগ্মআহ্বায়ক মেহেদী হাসান চৌধুরী প্রমুখ।
এর আগে সকাল ১১টায় উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি সদস্যবৃন্দ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যৌথ আনন্দ মিছিল বের করেন।
এছাড়াও সাবেক সংসদ সদস্য বিচারপতি মিফতা উদ্দিন চৌধুরী রুমীর বলয় হিসেবে পরিচিত উপজেলা বিএনপির আহ্বায়ক আমীর হোসেনের নেতৃত্বে এবং জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেলের বলয় হিসেবে পরিচিত পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিজানের নেতৃত্বে পৃথক পৃথক আনন্দ শোভাযাত্রা বের হয়।
এছাড়াও জায়ামাতে ইসলামী, জমিয়তে উলামায়ে ইসলাম ও খেলাফত মজলিস আলাদা আলাদা আনন্দ শোভাযাত্রা বের করে।