বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে হত্যাচেষ্টার প্রতিবাদে মৌলভীবাজার জেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহররের চৌমোহনা চত্বর থেকে জেলা বিএনপির এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগ পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে মৌলভীবাজার জেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্চাসেবক দলসহ বিএনপির সকল অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দসহ দলের অন্যান্য নেতা। বক্তারা ওসমান হাদীর উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের সন্ত্রাসী হামলা নির্বাচন ও দেশের গণতান্ত্রিক রাজনীতিকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা। তাই দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
এছাড়াও ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে রাতে প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ মিছিল করে মৌলভীবাজারের বিপ্লবী ছাত্রজনতা ও এনসিপি। এসময় তারা বলেন, জুলাই যোদ্ধাদের উপর হামলা প্রমাণ করে এটি কেবল ব্যক্তি আক্রমণ নয় বরং ন্যায়বিচার, স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধকে স্তব্ধ করার গভীর ষড়যন্ত্র।
ওসমান হাদীর উপর নৃশংস হামলার প্রতিবাদ জানিয়ে মৌলভীবাজারের ছাত্রশিবিরও শুক্রবার রাতে বিক্ষোভ মিছিল বের করে।