এসএমপি কমিশনারের মতবিনিময় পিপি-জিপিসহ সরকারি আইনজীবীদের সাথে

প্রকাশিত April 15, 2026
এসএমপি কমিশনারের মতবিনিময় পিপি-জিপিসহ সরকারি আইনজীবীদের সাথে

সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপি ও জিপিসহ সরকারি আইনজীবীদের সাথে মতবিনিময় করেছেন।
বুধবার (১৫ এপ্রিল/২ বৈশাখ) এসএমপি সদর দপ্তরে পুলিশ কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিলেট মহানগরী এলাকায় আইনশৃঙ্খলার উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় সরকারি আইনজীবীগণ কিভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সহযোগিতা করতে পারেন-সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় ছিনতাইকারী ও চাঁদাবাজসহ চিহ্নিত অপরাধীদের গ্রেফতার পরবর্তী সময়ে আসামি চালান ও রিমান্ড আবেদনসহ কোর্ট পুলিশের অন্যান্য কার্যক্রম বিষয়ে সরকারি আইনজীবীরা গুরুত্বপূর্ণ মতামত প্রদান দেন।
এছাড়া ভবিষ্যতে এ ধরনের মতবিনিময় সভা নিয়মিত আয়োজনে উভয় পক্ষ একমত পোষণ করেন।
সভায় উপস্থিত ছিলেন মহানগর দায়রা জজ আদালতের পিপি বদরুল আহমদ চৌধুরী, জিপি শামীম সিদ্দিকী, দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি আবুল হোসেন, সাইবার ট্রাইব্যুনালের পিপি এজাজ উদ্দিন, সিজেএম কোর্টের পিপি মোস্তাক আহমেদ, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি আব্দুর রাজ্জাক খান ও এসএমিপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। সংবাদ বিজ্ঞপ্তি