ইয়াহিয়ার সঙ্গে বঙ্গবন্ধু আলোচনা শুরু : আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান

প্রকাশিত March 16, 2022
ইয়াহিয়ার সঙ্গে বঙ্গবন্ধু আলোচনা শুরু : আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান

আল আজাদ : ১৬ মার্চ মঙ্গলবার রাষ্ট্রপতি ইয়াহিয়া খানের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আলোচনা শুরু হয়। সবার দৃষ্টি তখন সেদিকে নিবদ্ধ। এ ধরনের আলোচনা বৈঠক যে ব্যর্থ হতে পারে বাংলাদেশের মানুষের সেই অভিজ্ঞতা রয়েছে। বঙ্গবন্ধুও জনগণকে আন্দোলন অব্যাহত রাখার আহবান জানিয়ে রেখেছিলেন।
ইয়াহিয়া খান ও বঙ্গবন্ধুর মধ্যে ১৫০ মিনিট স্থায়ী বৈঠক অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি ভবনে সবসময় কঠোর সামরিক প্রহরা মোতায়েন ছিল।
আলোচনা শেষে বাংলার জননায়ক অপেক্ষমান দেশী-বিদেশী সাংবাদিকদেরকে জানান, রাজনৈতিক ও অন্যান্য বিষয় নিয়ে রাষ্ট্রপতির সাথে আলোচনা হয়েছে। আলোচনা অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে বেশ সময়ের প্রয়োজন।
ঢাকা শহরে ছোট বড় অসংখ্য মিছিল বের হয়। মিছিলকারীদের দাবি, বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে কোন আপস চলবে না।
বঙ্গবন্ধুর নির্দেশে ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংকের সকল শাখা কেন্দ্রীয় সরকারের সকল কর আদায়ের জন্যে বিশেষ একাউন্ট খুলে। তবে এসব কর স্টেট ব্যাংক অব পাকিস্তানে জমা হয়নি।
স্বাধীন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ বিভিন্ন স্থানে সেনাবাহিনীর নির্যাতনের তীব্র প্রতিবাদ জানায়। এছাড়া সৈন্যদেরকে ফিরিয়ে নেয়ার জন্যে রাষ্ট্রপতির প্রতি আহবান জানানো হয়।