আইসিটি ফর ডেভেলপমেন্ট এ্যাওয়ার্ড পেলেন সজীব ওয়াজেদ জয়

প্রকাশিত September 20, 2016
আইসিটি ফর ডেভেলপমেন্ট এ্যাওয়ার্ড পেলেন সজীব ওয়াজেদ জয়

এনা, নিউইয়র্ক : ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার কর্মসূচির মাধ্যমে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে বাংলাদেশের ঈর্ষণীয় উন্নয়নের স্বীকৃতি স্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তান ও তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আইসিটি ফর ডেভেলপমেন্ট এ্যাওয়ার্ড পেয়েছেন।
নিউইয়র্ক সময় সোমবার সন্ধ্যায় জাতিসংঘ সদর দফতরের সামনে ইউএন প্লাজা হোটেল মিলনায়তনে আনন্দঘন পরিবেশে ওয়ার্ল্ড অর্গানাইজেশন অব গভর্নেন্স অ্যান্ড কম্পিটিটিভন্যাশ, প্ল্যান ট্রিফিনিও, গ্লোবাল ফ্যাশন ফর ডেভেলপমেন্ট এবং কানেকটিকাট স্টেটের নিউ হ্যাভেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস সম্মিলিতভাবে সজীব ওয়াজেদ জয়কে এই পুরস্কার প্রদান করে।
তুমুল করতালির মধ্যে সজীব ওয়াজেদ জয়ের কাছে পুরস্কারটি তুলে দেন বিশিষ্ট অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক রবার্ট ডেভি। এর আগে অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ১৯৭১ সালে বন্দি ও দু:সহ সময়ে সজীব ওয়াজেদ জয়ের জন্ম। তার জন্মের সময় আত্মীয়-স্বজন কেউ পাশে ছিলেন না।
তিনি বলেন, বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করতে তার ছেলের অনেক অবদান রয়েছে। এ কারণে মা হিসেবে তিনি গর্ববোধ করেন।
শেখ হাসিনা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এই ধরনের পুরস্কার পিছিয়ে পড়া বাংলাদেশকে এগিয়ে নিতে আগ্রহ এবং শক্তি জোগাবে।
সজীব ওয়াজেদ জয় বলেন, ‘এই পুরস্কার পেয়ে আমি গৌরব ও গর্ব বোধ করছি। এই কৃতিত্ব শুধু আমার একার নয়, কৃতিত্ব সরকারের সকল কর্মকর্তা-কর্মচারীর। সকলের প্রচেষ্টাতেই আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি।’
অনুষ্ঠানে সাবেক পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাষ্ট্রদূত জিয়াউদ্দিন ও জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন সহ অন্যরা উপস্থিত ছিলেন।
এর আগে ২০০৭ সালে সজীব ওয়াজেদ জয়কে ইয়াং গ্লোবাল লিডার নির্বাচিত করেছিলো ওয়ার্ল্ড ইকোমিক ফোরাম।