অনন্ত হত্যা মামলা পুনরায় তদন্ত করে সম্পূরক অভিযোগপত্র দাখিলের নির্দেশ

প্রকাশিত October 18, 2016
অনন্ত হত্যা মামলা পুনরায় তদন্ত করে সম্পূরক অভিযোগপত্র দাখিলের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : সিলেটে ব্লগার ও বিজ্ঞান লেখক অনন্ত বিজয় দাশ হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ না করে পুনরায় তদন্ত করে সম্পূরক অভিযোগপত্র দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার সকালে সিলেট মহানগর হাকিম-৩ এর বিচারক হরিদাশ কুমার অভিযোগপত্রের উপর শুনানি শেষে অভিযোগপত্রে ত্রুটি থাকায় পুনরায় তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
২৮ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকা সিআইডির পরিদর্শক আরমান আলী অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় ৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
অন্যদিকে গ্রেফতার দেখানো ১০ জনকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।
২০১৫ সালের ১২্ই মে সিলেট মহনগরীর সুবিদ বাজার এলাকায় নিজ বাসার সামনে কুপিয়ে হত্যা করা হয় অনন্ত বিজয় দাশকে। ঐ দিন রাতেই তার বড় ভাই রত্নেশ্বর দাশ বাদি হয়ে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানায় অজ্ঞাত ৪ দুর্বৃত্তকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
বিজ্ঞান বিষয়ে লেখালেখির কারণে অনন্ত বিজয় দাশকে উগ্র ধর্মান্ধ গোষ্ঠী পরিকল্পিতভাবে খুন করেছে বলে অভিযোগ করা হয়।
পরে মামলাটি ঢাকার সিআইডিতে স্থানান্তর করা হয়।